আত্মসংযম প্রতিষ্ঠায় সাওমের গুরুত্ব
সাওম বা রোজা ইসলাম ধর্মের পাঁচটি মৌলিক স্তম্ভের অন্যতম। এটি আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রমজান মাসে রোজা পালন করা ফরজ যা মুসলিমদের তাকওয়া অর্জনের পথ সুগম করে। আল্লাহ তায়ালা বলেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
‘‘হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’’ (সূরা আল-বাকারা: ১৮৩)
রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি আত্মসংযম, ধৈর্য ও নৈতিক পরিশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। রাসূল (সা.) বলেছেন:
الصِّيَامُ جُنَّةٌ
‘‘রোজা একটি ঢালস্বরূপ।’’ (সহিহ বুখারি: ১৯০৪, সহিহ মুসলিম: ১১৫১)
রোজার মাধ্যমে মানুষ নিজ প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শেখে। ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট অনুভবের ফলে গরীব-দুঃখীদের দুঃখ-কষ্ট বোঝার ক্ষমতা বৃদ্ধি পায়, যা সমাজে সহমর্মিতা ও দানশীলতার প্রসার ঘটায়।
রাসূল (সা.) আরও বলেছেন:
مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ
‘‘যে ব্যক্তি মিথ্যা কথা ও অসৎ কাজ পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নেই।’’ (সহিহ বুখারি: ১৯০৩)
সুতরাং, সাওম আত্মশুদ্ধি, ধৈর্য, সহনশীলতা ও আল্লাহভীতি বৃদ্ধির এক অন্যতম মাধ্যম। এটি কেবল ইবাদত নয়, বরং ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক একটি শিক্ষা।

